কলকাতা – জনপ্রিয় ৩ নম্বর বাস ফিরছে। নতুন ভাবে, নতুন চেহারায়, নতুন রঙে। ফের রাস্তায় ছুটবে ৩ নম্বর বাস।
কয়েকদিনের মধ্যেই শ্রীরামপুর থেকে করুণাময়ী যাত্রী নিয়ে ছুটতে দেখা যাবে ঝাঁ-চকচকে হলুদ রঙের এই বাসকে। আপাতত পাঁচটি বাস এই রুটে নামার কথা। পরে যাত্রী দেখে সেই সংখ্যা আরও বাড়তে পারে।
এই বাস ঘিরে বহু মানুষের বহু স্মৃতি রয়েছে। তাই বন্ধ হওয়া রুটকে চালু করতে একাধিকবার পরিবহণ দপ্তরে চিঠিও দিয়েছিলেন সাধারণ মানুষ। কিন্তু অটো-টোটোর বাড়বাড়ন্তে রুট লাভজনক হবে কি না তা ভেবেই বাস নামাতেন না মালিকরা।
হলুদ বডি। ভিতরে ৪৮ সিট। একেবারে ঝকঝকে বাস। উল্লেখ্য, ১৯২৬ সালে হুগলির শ্রীরামপুর থেকে কলকাতার বাগবাজার পর্যন্ত লম্বা রুটে প্রথম পরিষেবা চালু হয়েছিল ৩ নম্বর রুটের। পরে চালু হয় করুণায়ী পর্যন্ত।
১০০ বছর পূর্ণ হতে যখন আর মাত্র দু’বছর বাকি, তখনই থেমে যায় এই রুটে চলা শেষ বাসটির চাকা। ২০১০ সালেও ওই রুটে ৬৫টি বাস চলত। সেই সংখ্যা কমতে শুরু করে ২০১৮ সালে ২২-এ এসে দাঁড়ায়।
