কলকাতা- ‘আগে দেশবাসী ভোটাধিকার প্রয়োগ করে সরকারকে বেছে নিত, এখন সরকার ভোটারদের বেছে নিচ্ছে’, SIR নিয়ে ঠিক এ ভাষাতেই কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ভোটার তালিকা সংশোধন নিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কেন্দ্রকে দুষলেন তিনি।
অভিষেক বলেন, ‘আগে মানুষ নিজের ভোটাধিকারবলে সরকার বেছে নিত। এখন সরকার নিজেদের স্থায়ীত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে নিচ্ছে। আগে মানুষ সরকার বাছত। এখন সরকার ভোটার বেছে নিচ্ছে। এর বিরুদ্ধে বাংলা লড়বে। যদি এক জনেরও ভোটাধিকার বিজেপি সরকার (BJP) কাড়তে চায়, তা হলে তৃণমূল ১০ লক্ষ মানুষ নিয়ে দিল্লির রাজপথ দখল করবে।’
তিনি আরও বলেন, ‘বিজেপি এসআইআর (SIR) করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে। চাইছে ভোটের অধিকার কেড়ে নিতে। তাদেরকে বাংলা ২৬ সালে যোগ্য জবাব দেবে।’
হুঁশিয়ারির সুরে অভিষেক বলেন, ‘একজনেরও মৌলিক অধিকার কেড়ে নেওয়া হলে ১০ লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ ঘেরাও হবে। বাংলার মানুষকে কোনও ভাবে ছোট করার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।’
