কলকাতা- মগজখেকো অ্যামিবা, তারই ভয়ে কাঁটা বাংলার মানুষ!
রাত পেরোলেই মহালয়া। গঙ্গার জলে নেমে পূর্বপুরুষদের জলদান করা হয় তর্পণের মাধ্যমে। কিন্তু এবার জলে নামা যাবে তো? চিন্তায় বাঙালি। নেপথ্যে কেরালায় একের পর এক মৃত্যুর ঘটনা।
‘নিগ্লেরিয়া ফোলেরি’ নামে এক অ্যামিবার জন্য প্রাণ হারিয়েছেন অনেকে। মূলত অপরিষ্কার জমা জলে, যেমন নোংরা পুকুরে কিংবা দীর্ঘদিন ধরে সুইমিং পুলের জলে ক্লোরিন না মেশানো হলে এই অ্যামিবা জন্মাতে পারে। ইতিমধ্যেই কেরালায় ১৯ জনের মৃত্যু হয়েছে ‘মগজ খেকো’ অ্যামিবায়।
এবার তাই মহালয়ার আগে বাঙালির চিন্তা, জলে ডুব দেওয়া যাবে তো! তবে এখনও বাংলায় এই ভয়াবহ প্রাণীর হামলার কোনও ঘটনা ঘটেনি। ফলে অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলছেন চিকিৎসকরা।
