কলকাতা- উত্তরবঙ্গের যাত্রীদের জন্য সুখবর। আজ থেকে পথচলা শুরু করল শিয়ালদা হামসফর এক্সপ্রেস । এদিন দুপুর দুটোয় জলপাইগুড়ি রোড থেকে ছাড়বে হামসফর এক্সপ্রেস। নতুন ট্রেন পেতেই খুশির হাওয়া উত্তরবঙ্গের যাত্রীদের মধ্যে।
শনিবার দুপুরে জলপাইগুড়ি রোড থেকে ট্রেনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রেলের আধিকারিকেরা। উত্তরপূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা জানান, ‘আজ দুপুর দু’টোয় স্পেশাল এই ট্রেনটি জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে আগামীকাল ভোর ৪ টে নাগাদ শিয়ালদায় পৌঁছবে ট্রেনটি। ২০ জুন থেকে পুরোদমে যাতায়াত করবে ট্রেন।’
রেনটিতে মোট ২২ টি কোচ রয়েছে। ৫৮৪ কিলোমিটার যাত্রাপথে ট্রেনটি জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে এনজেপি, আলুয়াবাড়ি রোড, কিশনগঞ্জ, বারসই জংশন, সামসি, মালদা টাউন, নিউ ফরাক্কা, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ জংশন, বহরমপুর কোর্ট, কৃষ্ণনগর সিটি জংশন, রানাঘাট জংশন, নৈহাটিতে থামার পর শিয়ালদাতে ঢুকবে ভোর ৪ টেয়।
