কলকাতা- সপ্তাহের প্রথম কর্মদিবসেই মেট্রোতে যাত্রী দুর্ভোগ। সম্প্রতি প্রধানমন্ত্রী শিয়ালদা-এসপ্ল্যানেড এবং বিমানবন্দর-নোয়াপাড়া রুটে মেট্রো পরিষেবার উদ্বোধন করেছিলেন। শহরের নর্থ-সাউথ, অর্থাৎ ব্লু লাইনে যাত্রীদের ভিড় বাড়বে বলে মনে করা হয়েছিল।
সেই মতো আজ সপ্তাহের প্রথম কমদিবসেই দুর্ভোগ পোহাতে হল যাত্রীদের। প্ল্যাটফর্মে প্ল্যটফর্মে দেখা গেল ভিড়। এদিকে মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে ব্লু লাইনে। অভিযোগ, তাও সময়মতো মেট্রোর দেখা মেলেনি।
জানা গিয়েছে, মেট্রোর সিগন্যালিং বিভ্রাটের জেরে এই সমস্যা হয়েছে। শহিদ ক্ষুদিরাম মহানায়ক উত্তম কুমার স্টেশনের মাঝে এই সমস্যা দেখা গিয়েছে।
এদিকে, এর আগে মেট্রো পরিষেবা বৃদ্ধির ঘোষণা করা হয় গত সপ্তাহের শেষ লগ্নে। গত শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে নর্থ-সাউথ ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) ২৮৪টি মেট্রো চলবে। এর আগে এই রুটে কর্মদিবসগুলিতে চলত ২৬২টি মেট্রো। তবে এবার ২২টি মেট্রো বাড়িয়ে তা ২৮৪ করা হল। অর্থাৎ, ১৪২টি মেট্রো আপে ছুটবে এবং ১৪২টি ডাউনে।
