কলকাতা- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পরিবর্তন সংকল্প সভা। তা ঘিরে যখন বাংলা উত্তাল, ঠিক তখনই রাজ্য রাজনীতির অন্দরমহলে সবথেকে বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়।
একটা সময় বামপন্থী আদর্শের প্রতি দায়বদ্ধ ছিলেন। সেই চিকিৎসক এবার কি গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন?
শনিবার ব্রিগেডের মঞ্চে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তাঁর হাতে পদ্ম-পতাকা ওঠার সম্ভাবনা ঘিরে তৈরি হয়েছে তীব্র কৌতূহল।
নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে ধোঁয়াশা ছিলই। এবার জনৈক রত্নেশ্বর রায়চৌধুরী নামে এক ব্যক্তির ফেসবুক পোস্ট জল্পনা বাড়িয়ে দিল।
পোস্টে ডাক্তারবাবুকে ‘ওয়েলকাম টু বিজেপি’ জানিয়ে দাবি করা হয়েছে, তিনি মোদির ব্রিগেডে আমন্ত্রিত এবং তাঁকে মঞ্চে বিশেষ সম্মান জানানো হবে।
আরও চমকপ্রদ বিষয় হলো, নারায়ণবাবু নিজেই সেই পোস্টটি নিজের ওয়ালে শেয়ার করেছেন। দীর্ঘদিন বামপন্থী ভাবধারার সঙ্গে যুক্ত থাকলেও বাংলার ভবিষ্যতের স্বার্থে নারায়ণ বন্দ্যোপাধ্যায় বিজেপির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।
ডাক্তারবাবুর সরাসরি যোগদানের কথা মুখে না বললেও, এই পোস্ট শেয়ার করাকে রাজনৈতিক মহল ‘মৌন সম্মতির লক্ষণ’ হিসেবেই দেখছে।
