কলকাতা- এলপিজি সিলিন্ডার বুকিংয়ের নয়া নিয়ম চালু হয়েছে দেশে। অনেক গ্রাহকের অভিযোগ, ফোন থেকে করা যাচ্ছে না বুকিং।
জানা গিয়েছে, ই-কেওয়াইসি (নো ইওর কাস্টোমার বা গ্রাহক পরিচয় যাচাই) করা না থাকায় অনেক গ্রাহকরাই সমস্যায় পড়েছেন। গ্রাহকদের ই-কেওয়াইসি না থাকলে সিলিন্ডার ডেলিভারি করা হবে না।
এই পরিস্থিতিতে কলকাতা এবং বাংলার বিভিন্ন শহরে সকাল থেকেই লম্বা লাইন দেখা গিয়েছে গ্রাহকদের।উল্লেখ্য, ইরান যুদ্ধের আবহে ভারতে ইতিমধ্যেই গ্যাসের সংকটের আভাস দেখা দিয়েছে।
দক্ষিণ ভারতে বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মতো শহরে একাধিক হোটেল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাধারণ মানুষের বাড়িতে যাতে গ্যাসের সংকট না হয়, তার জন্য বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সরবরাহে কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।
ই-কেওয়াইসি-র জন্য কী করতে হবে? এর জন্য গ্যাস ডিলারের অফিসে গিয়ে আধার ও মোবাইল নম্বর দিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশন করাতে হবে। মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে আধার ওটিপি দিয়েও করানো যায় ই-কেওয়াইসি।
ডিলারদের বক্তব্য, জ্বালানি সংস্থা থেকে তাঁদের বলে দেওয়া হয়েছে, ই-কেওয়াইসি করানোটা গ্রাহকদের জন্য অপরিহার্য।
ভারতে আপাতত পেট্রোল-ডিজেলের দাম না বাড়লেও বেড়েছে রান্নার গ্যাসের দাম। ভারতের প্রায় ৪০ শতাংশ অপরিশোধিত তেলের আমদানি হরমুজ প্রণালী থেকে আসে। এটা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রফতানি রুট। এই রুট প্রায় বন্ধ। ফলে সংকট তীব্র হচ্ছে আরও।
