কলকাতা- পশ্চিমবঙ্গে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয় ১৫ মার্চ। আর সেদিনই গভীর রাতে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। বেনজির ভাবে রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব পদে করা হল রদবদল। সরিয়ে দেওয়া হল মমতার নিয়োগ করা মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে। নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচন সংক্রান্ত কোনও কাজ করতে পারবেন না মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনা।
নন্দিনী চক্রবর্তীর জায়গায় রাজ্যের মুখ্যসচিব হিসেবে দুষ্মন্ত নারিওয়ালাকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের নয়া মুখ্যসচিব দুষ্মন্ত ১৯৯৩ সালের ব্যাচের আইএএস আধিকারিক। আগে রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পদে কর্মরত ছিলেন তিনি। এছাড়া সেচ, বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা দফতরের দায়িত্বও সামলেছেন। জগদীশপ্রসাদ মীনার জায়গায় সংঘমিত্রা ঘোষকে স্বরাষ্ট্রসচিব করেছে কমিশন। সংঘমিত্রা ১৯৯৭ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার। তিনি নারী ও শিশুকল্যাণ দফতরের প্রধান সচিব ছিলেন।
উল্লেখ্য, ১৫ মার্চ বিকেলে ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে গিয়েছে। এই সময়কালে নির্বাচন কমিশনের কাছে ক্ষমতা থাকে প্রশাসনিক রদবদলের।
এরই মধ্যে রাজ্যের ডিজিপি এবং কলকাতা পুলিশের কমিশনার পদে রদবদল করল নির্বাচন কমিশন। পীযুষ পাণ্ডের জায়গায় নতুন ডিজি হলেন সিদ্ধিনাথ গুপ্ত। সুপ্রতিম সরকারের বদলে কলকাতা পুলিশের নয়া কমিশনার অজয় নন্দ।
