ভোটের বিহারে বড় চমক নীতিশের! সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণের ঘোষণা 

কলকাতা- ভোটের বিহারে বিরোধী শিবিরকে টক্কর দিতে বড় চমক মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, রাজ্যে নারী ক্ষমতায়ণের লক্ষ্যে বিহারে সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণ চালু করা হবে। রাজ্যের যুব সম্প্রদায়ের স্বার্থে ‘বিহার যুব কমিশন’ গঠনেরও ঘোষণা করেন নীতীশ।

রাজ্যের যুব সম্প্রদায়ের কথা মাথায় রেখেও বড় পদক্ষেপ করা হয়েছে সরকারের তরফে। এক্স হ্যান্ডেলে সে বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, বিহারের যুবকদের আরও বেশি করে কর্মসংস্থানের সুযোগ করে দিতে, প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষ করে তুলতে সরকার বিহার যুব কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভার তরফে এই প্রকল্পের অনুমোদনও দেওয়া হয়েছে।’

এই কমিশনে একজন চেয়ারপার্সন ও ৭ জন সদস্য থাকবেন। যাঁদের বয়স হবে ৪৫-এর কম। রাজ্যের বেসরকারি খাতে স্থানীয়দের অগ্রাধিকারের বিষয়টি নজরে রাখবে এই কমিশন। একইসঙ্গে রাজ্যের বাইরে বিহারের ছাত্র এবং শ্রমিকদের স্বার্থ রক্ষা করবে।

উল্লেখ্য, চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। এবারের নির্বাচনে কংগ্রেস, আরজেডির পাশাপাশি নীতীশের কাছে বড় চ্যালেঞ্জ প্রশান্ত কিশোরের দল জনসূরজও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *