আড়াই বছরের শিশুকে তুলে নিয়ে গিয়ে শারীরিক অত্যাচার! দুষ্কৃতিকে এনকাউন্টারে খতম করল পুলিশ

গোরখপুর – ফুটপাথে থাকা আড়াই বছরের এক শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশের ‘এনকাউন্টার’-এ মৃত্যু হয় তার। উত্তর প্রদেশের লখনউয়ের ঘটনা।

ডেপুটি কমিশনার অফ পুলিশ (সেন্ট্রাল জোন) আশিস শ্রীবাস্তব জানিয়েছেন, শুক্রবার ভোরে আলমবাগ এলাকায় পুলিশের ‘এনকাউন্টার’-এ মৃত্যু হয় ওই ব্যক্তির।

শ্রীবাস্তব জানান, মেট্রো স্টেশনে বসবাসকারী এক দম্পতি বৃহস্পতিবার আলমবাগ থানায় অভিযোগ দায়ের করেন, যে তাঁদের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে স্টেশনে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা যায়, গভীর রাত ৩টার দিকে একজন ব্যক্তি একটি সাদা স্কুটারে করে সেখানে আসে। সে মেট্রো স্টেশনের লিফটের পিছনে মেয়েটিকে নিয়ে যায়। তার উপর নির্যাতন চালায়। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার তদন্তের জন্য পাঁচটি পুলিশের দল গঠন করা হয়। অভিযুক্তের খোঁজে ১ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়।

ডিসিপি আরও জানান, স্কুটারে রেজিস্ট্রেশন নম্বর পরীক্ষা করে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে ওই এলাকায় অভিযুক্তের খোঁজ পায় পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ খবর পায়, অভিযুক্ত ওই এলাকা দিয়ে পালাতে চলেছে। একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে থামানোর চেষ্টা করে। কিন্তু অভিযুক্ত গুলি চালায়। পালটা পুলিশ গুলি চালালে তাতে গুরুতর জখম হয় অভিযুক্ত। তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির অবস্থাও আশঙ্কাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *