বিধানসভায় মন্ত্রী-বিধায়করা আর রক্ষী নিয়ে প্রবেশে করতে পারবেন না! নোটিশ জারি করে জানিয়ে দিলেন অধ্যক্ষ

কলকাতা- বিধানসভায় ব‍্যক্তিগত দেহরক্ষী নিয়ে আর প্রবেশ করতে পারবেন না বিধায়করা। একই নিয়ম প্রযোজ্য হবে মন্ত্রীদের ক্ষেত্রেও। সোমবার এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। একমাত্র ব্যতিক্রম মুখ্যমন্ত্রী। তিনিই শুধুমাত্র রক্ষী নিয়ে প্রবেশ করতে পারবেন।

বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিধানসভায় প্রবেশের অনুমতির আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক শংকর ঘোষ।

তাঁদের অভিযোগ ছিল, বিধানসভার ভেতরে রাজ্য পুলিশের কর্মীরা প্রবেশ করতে পারলেও, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। আসলে তৃণমূল বিধায়কদের দায়িত্বে থাকে রাজ্য পুলিশ। অন্যদিকে, বিজেপি বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে সাধারণত থাকেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।

বিধানসভায় অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য বিধানসভার বাইরে ছাউনি দিয়ে একটি অস্থায়ী বিশ্রামস্থলের ব্যবস্থা করা হয়। তাই বিজেপি বিধায়কদের ক্ষেত্রে নিয়ম আলাদা হওয়ায় বৈষম্যের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল।

সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জানিয়ে দিয়েছিল, নিরাপত্তারক্ষী নিয়ে সরাসরি হস্তক্ষেপ করবে না আদালত। তবে নিয়ম সকলের ক্ষেত্রে একই হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *