কলকাতা- নির্বাচনী আবহে রাজ্য জুড়ে ১৪৪ টি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। অন্যতম উল্লেখযোগ্য নামটি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
তিনি দুটি হাই-প্রোফাইল কেন্দ্র— ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হতে চলেছেন। নন্দীগ্রামে গড় রক্ষা বনাম ভবানীপুরের চ্যালেঞ্জ তিনি কেমনভাবে সামলান সেটাই এখন দেখার।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে ‘জায়ান্ট কিলার’ হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন শুভেন্দু অধিকারী। নিজের সেই দুর্গ রক্ষা করার পাশাপাশি এবার খোদ ভবানীপুরেও পদ্ম শিবিরের প্রধান মুখ তিনি।
আবারও খড়্গপুর সদর থেকে প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। শিলিগুড়ি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শংকর ঘোষ। অগ্নিমিত্রা পালকে প্রার্থী করা হয়েছে আসানসোল দক্ষিণ থেকে।
উল্লেখযোগ্যভাবে হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন অভিনেতা তথা রাজনীতিক রুদ্রনীল ঘোষ। রাসবিহারী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। বরাহনগরের প্রার্থী হচ্ছেন সজল ঘোষ।
উল্লেখ্য, প্রার্থী তালিকায় বর্তমান বিধায়কদের অনেকের নামই দেখা গিয়েছে। বালুরঘাট কেন্দ্রে বর্তমান বিধায়ক অশোক লাহিড়ীর জায়গায় এবারে প্রার্থী করা হয়েছে বিদ্যুৎ রায়কে।
