ধনখড়ের পর কে হবেন দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি? কোন দিন জানা যাবে, জানিয়ে দিল কমিশন

কলকাতা- উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকর। স্বাস্থ্যজনিত কারণে এই সিদ্ধান্ত বলে ইস্তফাপত্রে জানিয়েছিলেন তিনি। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

এর পরই ওই পদে কে বসবেন তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। ৯ সেপ্টেম্বর হতে চলেছে নির্বাচন।

কমিশনের তরফে জানানো হয়েছে, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২১ অগাস্ট। মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে ২২ অগাস্ট। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৫ অগাস্ট। ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর। ভোটগ্রহণের দিনই ভোটগণনা করা হবে।

গত ২১ জুলাই রাতে আচমকা উপরাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান ধনকর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফাপত্র পাঠান তিনি। পরদিন সকালেই সেই ইস্তফা গৃহীত হয়। ধনকর ইস্তফাপত্রে লিখেছিলেন, শারীরিক অসুস্থতার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও তা মানতে নারাজ ছিল বিরোধী দলগুলি।

সংবিধানের অনুচ্ছেদ ৬৬ অনুসারে কেবল লোকসভা এবং রাজ্যসভার সাংসদরাই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন। নিয়ম অনুযায়ী, সংসদের দুই কক্ষের সদস্যদের নিয়ে একটি ইলেক্টোরাল কলেজ তৈরি করে নির্বাচন কমিশন। একক হস্তান্তরযোগ্য নির্বাচনি পদ্ধতিতে গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেন সাংসদরা। নতুন যিনি উপরাষ্ট্রপতি হবেন, তিনি পাঁচ বছরের জন্য পদে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *