চাপে পড়ে পদত্যাগ করেছেন? প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস ডাক্তারের কথা তুলে বাড়িয়ে দিলেন বড়সড় জল্পনা

কলকাতা- তিনি কেন আচমকা পদত্যাগ করলেন? রাজ্যপালের পদ থেকে সিভি আনন্দ বোসের ইস্তফার কারণ নিয়ে জল্পনা থামছে না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বোসের পদত্যাগ নিয়ে মন্তব্য করছেন। কলকাতায় এসে ইস্তফার কারণ নিয়ে স্পষ্ট করে কিছু বলছেন না স্বয়ং আনন্দ বোস

সোমবারও তাঁর ইস্তফার কারণ নিয়ে প্রশ্ন ওঠে। চাপের মুখে ইস্তফা কি না জানতে চাওয়ায় প্রাক্তন রাজ্যপাল হেঁয়ালি রেখে বললেন, চিকিৎসক বলেছেন তাঁর প্রেসার নর্মাল। এদিন তিনি আরও জানালেন, বাংলা ছেড়ে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন।

এদিন ইন্ডিয়ান মিউজিয়ামে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় সদ্য প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। শনিবার মেট্রো চ্যানেলে ধরনা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “সিভি আনন্দ বোসকে কেন সরানো হয়েছে আমি সব জানি। কিন্তু বলব না। ভয় দেখানো হয়েছে, থ্রেট করা হয়েছে। একটু আমি বলতে পারি।” 

প্রাক্তন রাজ্যপালের কাছে জানতে চাওয়া হয়, রাজনৈতিক চাপে কি তিনি পদত্যাগ করেছেন? হেঁয়ালি রেখে আনন্দ বোস বলেন, “আমি চাপে পড়ে পদত্যাগ করেছি কি না, সে বিষয়ে কোনও মন্তব্য করব না। তবে আমার প্রেসার সম্পর্কে জানতে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছি। উনি জানিয়েছেন, আমার প্রেসার নর্মাল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *