কলকাতা- টলিউডের বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় নায়ক আবির চট্টোপাধ্যায়। দেব-জিতের রেষারেষিতে অনেক সময় তাঁকে খানিক পিছিয়ে রাখলেও তাঁর ছবির সাফল্য কিন্তু মাথা ঘোরায়। তিনি প্রযোজকদের লাকি চার্ম।
দেখতে দেখতে জীবনের ৪৫টা বসন্ত পার করে ফেললেন আবির। মঙ্গলবার ছিল আবির চট্টোপাধ্যায়ের জন্মদিন। গ্ল্য়ামার জগতের মানুষ হলেও আবির কিন্তু পুরোদস্তুর ফ্যামিলিম্যান। জন্মদিনেও সপরিবারেই কাটিয়েছেন তারকা।
টলিউডের অন্যতম সুদর্শন নায়ক আবির। তাঁর মহিলাভক্তের সংখ্যা অগুণতি। সবচেয়ে বড় কথা সব জেনারেশনের মহিলা ভক্ত রয়েছে আবিরের। ৬ ফুট উচ্চতা, স্মিত হাসি, দৃপ্ত চাউনির পাশাপাশি আবিরের ডান গালের কাটা দাগ বুক ধুকপুকানি বাড়িয়ে দেয় বঙ্গললনাদের।
সেই দাগের নেপথ্যের রহস্য কজন জানেন। আবিরের এই ‘ডিম্পল’ কিন্তু নেহাতই অ্যাক্সিডেন্ট। খুব অল্প বয়সে আবির সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটান৷
তখন অষ্টম শ্রেণির ছাত্র আবির। বৃষ্টির দিনে সাইকেল চালাচ্ছিলেন, হঠাৎ একটা বিড়াল সামনে চলে আসে। বিড়ালটাকে কাটাতে গিয়েই বিপত্তি। সাইকেল থেকে পড়ে গিয়ে সাইকেলের স্পোক গালে ঢুকে গিয়েছিল আবির৷ রক্তারক্তি কাণ্ড। সেই সেলাইয়ের দাগই আজও আবিরের গালে। যা হয়ে উঠেছে অভিনেতার ‘বিউটি স্পট’।
