৬০ লাখের মধ্যে সাড়ে ৭ লাখ নামের নিষ্পত্তি! ভোটারদের নামের জট কাটাতে ওড়িশা-ঝাড়খণ্ডের অফিসারদের ডাক বাংলায়

কলকাতা- ৬০ লাখ ভোটারের নাম বিচারাধীন। তার মধ্যে সবে সাড়ে সাত লাখ নামের নিষ্পত্তি হল!

এসআইআর প্রক্রিয়ার জট কাটাতে নজিরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের। প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিচারাধীন’ থাকায় যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রতিবেশী রাজ্য ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে ২০০ জন জুডিশিয়াল অফিসারকে নিয়ে আসা হচ্ছে। শনিবারই তাঁদের রাজ্যে পৌঁছনোর কথা।

বর্তমানে রাজ্যে ৫০৫ জন জুডিশিয়াল অফিসার এই বিশাল কর্মযজ্ঞ সামলাচ্ছেন। কিন্তু কাজের বিপুল চাপের কথা মাথায় রেখে ওডিশা থেকে ১০০ এবং ঝাড়খণ্ড থেকে ১০০ জন অফিসারকে নিয়োগ করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আটটি জেলা— উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বীরভূম এবং নদিয়াকে এই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু করা হয়েছে। কমিশনের লক্ষ্য, ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই এই তালিকার জট কাটিয়ে ফেলা।

শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন বিচারাধীন ভোটারের মধ্যে মাত্র ৭ লক্ষ ৫০ হাজার নামের অ্যাডজুডিকেশন বা নথিপত্র খতিয়ে দেখার কাজ শেষ হয়েছে। কমিশন স্পষ্ট করেছে, নিষ্পত্তির অর্থই চূড়ান্ত তালিকায় নাম ওঠা নয়; কেবল বৈধ নথিপত্র থাকলেই তাঁদের নাম মূল তালিকায় ঠাঁই পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *