একুশের মঞ্চে পহেলগাঁও হামলায় নিহত বিতানের পরিবার, উপস্থিত শহিদ জওয়ান ঝন্টুর বাবাও

কলকাতা- ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিত পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর বাবা-মা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মঞ্চে ওঠেন তাঁরা।

মঞ্চে উপস্থিত ছিলেন উধমপুরে গুলির লড়াইয়ে শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের বাবাও। দুই স্বজনহারা পরিবারের হাতে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেন মমতা।

তৃণমূল সুপ্রিমো জানান, প্রত্যেক তৃণমূল কর্মী ১ টাকা করে আর্থিক সাহায্য দিয়ে ফান্ড তৈরি করেছেন। সেই ফান্ড থেকেই দুই পরিবারকে আর্থিক সাহায্য করা হয়েছে।

মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, ‘আমি সম্মান জানাই সমস্ত শহিদের পরিবারকে। ঝন্টু আলি শেখের বাবা সবুজ আলি শেখ এসেছেন। বিতান অধিকারীর বাবা বীরেশ্বর অধিকারী ও মা মায়া অধিকারী এসেছেন। তাঁদের সম্মান জানাই।’

উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক। সেই তালিকায় ছিলেন বাংলার তিন পর্যটক। বিদেশে কর্মরত পাটুলির বাসিন্দা বিতান অধিকারীকেও খুন করেছিল জঙ্গিরা।

বিতান অধিকারীর পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা সাহায্যের কথা আগেই নবান্নে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বিতানের বাবা-মাকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে পেনশন দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন। এর পর এদিন তৃণমূল কর্মীদের তরফেও ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *