কলকাতা- রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর ওপর হামলা! বেধড়ক মারধর করা হল তুহিন মান্ডিকে।
গোটা ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। ইতিমধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বাঁকুড়ার খাতড়া বাজারে গতকাল রাতে ১৫-১৬ মিলে রীতিমতো লাঠিসোটা নিয়ে তুহিন মান্ডির ওপর হামলা চালায়। এর ফলে তুহিন বাবুর শরীরে একাধিক জায়গায় গুরুতর আঘাত লাগে।
ঘটনার পর তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় খাতড়া মহকুমা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
গোটা ঘটনার পর গতকাল রাতেই সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেন জ্যোৎস্না মান্ডি। সঙ্গে লেখেন, ‘বিজেপি বেশ কিছু দিন ধরেই এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় আমার স্বামী মুদিখানার সামগ্রী কিনতে বাজারে গেলে বিনা প্ররোচনায় বিজেপি কর্মীরা লাঠিসোঁটা নিয়ে চড়াও হয়ে তাঁকে মারধর করে। আমার স্বামী সরাসরি রাজনীতি করেন না। তিনি কোনও সভা-সমিতিতেও যান না। তার পরেও তাঁর উপর এই হামলায় নিন্দা জানানোর ভাষা নেই। আমি বিষয়টি পুলিশ-প্রশাসন এবং দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি।’
৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন তাদের তোলা হয়েছে খাতড়া মহকুমা আদালতে। বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।
