‘দলকে জেতাতে না পারলে পদ যাবে…!’, ২৬-এর ভোটের আগে কাউন্সিলরদের হুঁশিয়ারি দিয়ে রাখল তৃণমূলের নেতৃত্ব!

কলকাতা- বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই এবার জনপ্রতিনিধি ও দলের নেতাদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বেঁধে দিল তৃণমূলের বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব।

দলকে জেতাতে না পারলে এলাকার নেতাদের পদ যেমন যাবে, তেমনই পরের নির্বাচনে দলীয় টিকিট মিলবে না বলেও হুঁশিয়ারি দিতে শুরু করলেন তৃণমূলের জেলা নেতৃত্ব।

২০২১ বিধানসভা নির্বাচনে রাজ্যের মধ্যে তৃণমূলের সব থেকে খারাপ ফল হয়েছিল বাঁকুড়া জেলায়। ১২ টি আসনের মধ্যে ৮ টিতে জয় পেয়েছিল বিজেপি।

গত লোকসভা নির্বাচনেও জেলার ২ টি আসনের মধ্যে বিষ্ণুপুর আসনে হারতে হয়েছে তৃণমূলকে। এবার তাই ২০২৬ এ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মরিয়া লড়াইয়ে নামতে চাইছে তৃণমূল।

বিজয়া সম্মিলনীর বিভিন্ন মঞ্চ থেকে দলের জনপ্রতিনিধি থেকে শুরু করে দলের নিচু স্তরের নেতাদের কার্যত হুঁশিয়ারি দিতে শোনা যাচ্ছে তৃণমূলের জেলা নেতা থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বকে।

গতকাল বাঁকুড়া ২ নম্বর ব্লকের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত বলেন, “নিজের এলাকায় দলকে জেতাতে হবে। তবেই সে পদে থাকতে পারবে। না হলে দল বা জনপ্রতিনিধির পদে বসে থেকে দাদাগিরি করতে দেওয়া হবে না।”

তৃণমূল সাংসদ অরুপ চক্রবর্তী পুরসভার কাউন্সিলারদের উদ্দেশ্য করে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “যে কাউন্সিলর নিজের এলাকায় দলকে জেতাতে পারবে না সেই কাউন্সিলর আগামী পুর নির্বাচনে টিকিট পাবেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *