বড়বাজারের হোটেলে দাহ্য পদার্থ ছিল, তা থেকেই আগুন! তদন্তে নির্দেশ মুখ্যমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা

কলকাতা- বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেছুয়ার ফলপট্টির ওই হোটেলে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়েছে। তদন্তের জন্য ইতিমধ্যে সিট গঠন করেছে কলকাতা পুলিশ।

এর মধ্যেই মুখ্যমন্ত্রী বলেছেন, ‘সব মিলিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। হোটেলের ভিতরে দাহ্য পদার্থ মজুত ছিল। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’ জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষ্যে দিঘায় রয়েছেন মুখ্যমন্ত্রী। তবে প্রশাসনিক সূত্রে খবর, মঙ্গলবার রাতে বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের পর থেকে গোটা পরিস্থিতির উপর নজর রাখছিলেন তিনি।

অন্যদিকে, অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জগন্নাথ মন্দির উদ্বোধন কর্মসূচিতে যোগ দিতে দিঘায় রয়েছেন সপারিষদ মুখ্যমন্ত্রী। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও দিঘায়, সেখানে রয়েছেন আমলাদের অনেকে। শুভেন্দু সোশ্যাল মিডিয়াতে লেখেন, ‘১৫ বছর আগের স্টিফেন কোর্ট ট্র্যাজেডির স্মৃতি ফিরিয়ে এনেছে এই ঘটনা। যথাযথ অগ্নি নিরাপত্তা ব্যবস্থার অভাব এবং অন্যান্য অবহেলার কারণে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে। অথচ রাজ্য পুলিশ ও প্রশাসন দিঘায় ৩ দিনের ছুটি কাটাতে ব্যস্ত!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *