‘আপনারা নিশ্চিন্তে ঘুমোন’, রাজ্যবাসীকে ‘অভয়’ দিয়ে উত্তরকন্যায় সারারাত জেগে কাটালেন মুখ্যমন্ত্রী!

কলকাতা- নেপালের অস্থির পরিস্থিতি নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তরকন্যায় সারারাত জেগে কাটালেন মুখ্যমন্ত্রী। মোবাইল এবং ল্যান্ডলাইনে একের পর এক ফোন করে জানতে চাইলেন নেপাল এবং ভারত ও নেপাল সীমান্তবর্তী এলাকার কী পরিস্থিতি।

গতকাল রাতেই নেপালের পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গ রেঞ্জের পুলিশের উচ্চপদস্থ কর্তা থেকে শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের কর্তাদের ডেকে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। নেপালের পরিস্থিতি নিয়ে দিল্লি থেকে বিশেষ বার্তা আসার পর উত্তরকন্যায় নিজের চেম্বারে রাত ১২টা নাগাদ চলে গিয়েছিলেন তিনি। রাতেই পুলিশ এবং প্রশাসনের কয়েক জনকে চেম্বারে ডেকে পাঠিয়েছিলেন। বেশকিছু ক্ষণ কথাবার্তা হয় তাঁদের মধ্যে। এরপর সারারাত একের পর এক ফোন করে অস্থির নেপালের পরিস্থিতি নিয়ে জেগে কাটালেন।

অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সঙ্গে লেখা হয়েছে, ‘পড়শি দেশ নেপালের অবস্থা উদ্বেগজনক। তাই রাজ্যের স্বার্থে, রাত জেগে উত্তরকন্যায় বসে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী বেজায় চিন্তিত ‘চিকেন নেক’ নিয়ে। সেই কারণে এসএসবি এবং পুলিশকে বাড়তি নজর দিতে বলেছেন তিনি। ‘আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারেন, আমরা দেখে নিতে পারি।’ রাজ্যবাসীকে অভয়বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অশান্তির আগুনে জ্বলছে পড়শি দেশ নেপাল। তা নিয়েই জলপাইগুড়িতে দাঁড়িয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জানালেন, ‘দু’এক দিনের মধ্যে সকলকেই রাজ্য উদ্যোগ নিয়ে ফিরিয়ে আনবে। তাড়াহুড়ো করে নিজের বিপদ না ডেকে আনবেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *