‘এত নেতা খুন হচ্ছে কেন?’, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন মমতার, দিলেন বড়সড় নির্দেশ নেতা

কলকাতা- এত নেতা খুন হচ্ছে কেন? ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ নিয়ে বৈঠকে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এদিন পুলিশ সুপার, আইসি, ওসিদের নিজেদের এলাকা দায়িত্ব সহকারে দেখার নির্দেশ দেন মমতা। কয়েক দিন ধরে বেশ কিছু জেলায় খুন হয়েছেন বেশ কিছু শাসক দলের নেতা। সেই আবহে মুখ্যমন্ত্রীর এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের।

মমতা বলেছেন, থানার ভূমিকা ভাল করে দেখতে হবে। আইবি কেন আগে থেকে খবর পাচ্ছে না? দায়িত্ব নিয়ে বসে থাকলাম, কাজ করলাম না, সেটা করলে হবে না। উল্লেখ্য, হিসেব বলছে, ৩৭ দিনে রাজ্যে তৃণমূলের ১০ নেতা-কর্মী খুন হয়েছেন। ইংরেজবাজার, ভাঙড় থেকে সুতি, লাভপুর-মল্লারপুর, কোচবিহার, টার্গেট হয়েছেন শাসক নেতা। একাধিক জায়গায় শাসক নেতা খুনে গোষ্ঠীদ্ব্ন্দ্বের দিকেই আঙুল উঠেছে। গ্রেফতার হয়েছে শাসক দলের নেতা কর্মীরা।

সোনামুখীতে শাসক নেতা খুনের নেপথ্যেও কি তৃণমূলের কোন্দল? চাপনউতোর চলছেই। কয়েকদিন আগেই কোন্নগরে প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি কোপ মেরে খুন করা হয় দাপুটে তৃণমূল নেতাকে। বাঁকুড়ায় আবার গত সোমবার রাত ৯টা নাগাদ পর পর গুলি করে খুন করা হয় তৃণমূলের বুথ কনভেনারকে। অন্যদিকে কোচবিহারে ভরা বাজারে গুলি করে খুন করা হয়েছে ডায়াগুড়ির পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের ছেলেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *