কলকাতা – ভারতের অর্থনীতি মরা। দাবি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি পরিসংখ্যান তুলে ধরে বোঝাতে চাইলেন বাংলার অর্থনীতি কতটা চাঙ্গা ও সুস্থ।
জুলাই ২০২৫-এ রাজ্যে জিএসটি (GST Collection West Bengal) আদায়ে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। গত বছরের তুলনায় এ বছরের জুলাই মাসে রাজ্যের মোট পণ্য ও পরিষেবা কর (GST) সংগ্রহে ১২ শতাংশ বৃদ্ধি হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যে এই মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ৫,৮৯৫ কোটি টাকা, যেখানে গত বছরের একই সময়ে তা ছিল ৫,২৫৭ কোটি টাকা।
কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত প্রাথমিক পরিসংখ্যানের ভিত্তিতে মুখ্যমন্ত্রী এ তথ্য শেয়ার করেন। তিনি আরও জানান, জুলাই পর্যন্ত রাজ্যের মোট জিএসটি আদায়ের যৌথ বৃদ্ধির হার (cumulative growth rate) ৭.৭১ শতাংশ।
