আন্দোলনেরও একটা লক্ষণ রেখা আছে, চাকরিহারা শিক্ষকদের বার্তা মমতার, মুখ্যমন্ত্রী কি ক্ষুব্ধ?

কলকাতা – বিকাশভবনে চাকরিহারাদের আন্দোলন। নিজেদের দাবিতে পথে নেমে ভাঙচুর, আঘাত পুলিশকে। ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখলেন কর্মীদের। তাঁদের কেউ গর্ভবতী, কারও বাড়িতে অসুস্থ মা। কেউ মরিয়া হয়ে ঝাঁপ দিলেন ভবন থেকে।

চাকরিহারাদের আন্দোলন, বিক্ষোভ প্রসঙ্গে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানালেন, যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁদের প্রতি সহানুভূতি ছিল, রয়েছে এবং থাকবে। একই সঙ্গে বারবার মনে করালেন, চাকরিহারাদের কথা ভেবে সরকার একের পর এক সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও জানালেন, শিক্ষকদের থেকে ন্যূনতম সম্মান, সৌজন্য আশা করেছিলেন তিনি। চাকরিহারাদের উচিত ছিল, সরকারের উপর বিশ্বাস রাখা। তিনি আন্দোলন বরদাস্ত করবেন না। আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে।

মমতা এদিন বলেন, ‘আমি বৈঠক করে বলেছিলাম, আমরা রিভিউ করব। আদালতের বিষয়ে আমাদের আইন মেনে চলতে হয়। বাধ্যবাধকতা থাকে। এটা সবাইকে বুঝতে হবে। আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি। আমরা চাইব, আমাদের আইনজীবীরা চাইবেন, যাতে ওদের চাকরি থাকে। সেখানে আদালত কোনও সিদ্ধান্ত নিলে বলতে পারি না, মানব না। আদালতের সিদ্ধান্ত মানতে আমরা বাধ্য।‘

তিনি আরও বলেন, ‘যারা চাকরি খেয়েছে তারাই যদি স্বার্থ রক্ষার গুরু হয়, আমাদের আপত্তি আছে।‘ রাজনীতির উর্দ্ধে থেকে সমাজকে সেবা করুন, বাচ্চাদের শিক্ষা দিন। অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা, জোর করা যায় না। রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না। এটা কারও কাজ নয়। এতে বাইরে লোকেরা আছে। শিক্ষকের সংখ্যা কম, বাইরের লোক বেশি।‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *