দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত HR26CE7674 নং গাড়িটির সর্বশেষ মালিক কে? পুলিশের হাতে বিস্ফোরক তথ্য

কলকাতা- দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল, সেই সাদা রঙের আই২০ গাড়িটি কার?

জবাব খুঁজতে গিয়ে একের পর এক ধাঁধার সম্মুখীন হচ্ছেন তদন্তকারীরা। তবে সেই ধাঁধার জট ছাড়িয়ে অবশেষে জানা গিয়েছে HR26CE7674 নং গাড়িটির সর্বশেষ মালিকের নাম।

রিপোর্ট অনুযায়ী, এই সাদা আই২০ গাড়ির সর্বশেষ মালিক ছিল তারিক নামে এক ব্যক্তি। সেই তারিক নাকি পুলওয়ামার বাসিন্দা। তবে গাড়িটি এখনও মহম্মদ সলমন নামে এক ব্যক্তির নামে নথিভুক্ত রয়েছে।

জানা গিয়েছে, সলমন এই গাড়িটি রয়্যাল কার জোন নামক একটি সেকেন্ড হ্যান্ড কার ডিলারের কাছে বিক্রি করেছিল। সেখান থেকে এক তৃতীয় ব্যক্তি সেই গাড়িটি কিনেছিল বলে অনুমান করা হচ্ছে। সেই তৃতীয় সন্দেহভাজন এরপর গাড়িটি তারিকের হাতে তুলে দেয়। এই ঘটনাতেই উঠে আসছে নাদিম নামে আরেক ব্যক্তির নাম। এই নাদিমও নাকি এই গাড়ির মালিক ছিল একটা সময়ে। এদিকে গাড়ির প্রথম মালিক সলমনকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, দিল্লিতে লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে ১০ নভেম্বর সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট নাগাদ। সেই ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু ঘটেছে। জখম হন আরও অনেকে।

এই বিস্ফোরণের ১০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ঘটনাস্থল ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায় দিল্লি পুলিশের ডগ স্কোয়াড। মোতায়েন করা হয় এনএসজি। তড়িঘড়ি সেখানে ফরেন্সিক দল পাঠানো হয় নমুনা সংগ্রহের জন্য। দিল্লি পুলিশ প্রাথমিক ভাবে জানায়, ঘটনাস্থলে থেকে উদ্ধার হওয়া কোনও জখম ব্যক্তির শরীরে স্প্লিন্টারের আঘাত দেখা যায়নি।

জানা যায়, একটি সাদা রঙের হুন্ডাই আই২০ গাড়ি থেকে এই বিস্ফোরণ ঘটে। এর জেরে আশেপাশের বেশ কয়েকটি গাড়িতেও আগুন লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *