কলকাতা- এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রোর কাজ শেষের পথে। সিআরএস-এর পরিদর্শনের জন্য ২৬-২৮ এপ্রিল বন্ধ থাকবে হাওড়া ময়দান-সেক্টর ফাইভ মেট্রো। সম্ভবত মে মাসে এই রুটে মেট্রো চালু হবে। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটতে চলেছে। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহের মধ্যে মেট্রো ছোটা শুধু সময়ের অপেক্ষা। আগামী ২৭ এপ্রিল বউবাজারে বিপর্যস্ত অংশের নীচে সুড়ঙ্গ পরিদর্শনে আসছে কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস)।
সেই কারণে তিন দিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। এমনই তথ্য এল প্রকাশ্যে। ২৬ এপ্রিল শনিবার থেকে ২৮ এপ্রিল সোমবার পর্যন্ত হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। মেট্রোর তরফে জানানো হয়েছে, গোটা অংশেই কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল পরীক্ষা করে দেখবেন সেফটি কমিশনার। দেখা হবে যাত্রী ট্রেন ছোটার জন্য প্রস্তুত কি না! কোনও জায়গায় খটকা ঠেকলে তা পর্যবেক্ষণ করা হবে। ফের তা ঠিক করা হবে। মে মাসের মাঝামাঝি যাত্রীদের জন্য হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ পরিষেবা চালু হতে পারে।
