কলকাতা- ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরি। তাঁর হিন্দমোটরের দেবাইপুকুর রোডের আদি বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটে। তবে এই বাড়িতে বুলা চৌধুরী কিংবা তাঁর পরিবারের কেউ থাকেন না।
বাড়ি ফাঁকা থাকার সুবাদে চোরেরা বাড়িতে লুটপাট চালায়। ইতিমধ্যেই উত্তরপাড়ায় থানায় অভিযোগ দায়ের করেছেন বুলার পরিবারের সদস্যরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উত্তরপাড়া থানা IC অমিতাভ সান্যাল। ৫-৬ বছর আগেও এই বাড়িতেই চুরির ঘটনা ঘটেছিল।
এদিন বুলা জানান, হুগলির হিন্দমোটরের দেবাইপুকুর রোডের তাঁর আদি বাড়িতে এখন কেউ থাকে না। তবে মাঝেমধ্যে যাতায়াত করা হয়। অধিকাংশ সময় বাড়ি ফাঁকাই থাকে। সেই সুযোগকে কাজে লাগিয়েছে চোরের দল।
বুলার সাঁতারের কেরিয়ার এই বাড়ি থেকেই শুরু। তাঁর সাঁতারের প্রথম হাতেখড়ি দেবাইপুকুরে। যদিও কয়েকমাস আগে তিনি সেখানে গিয়েছিলেন। তারপর থেকে বাড়ি বন্ধই ছিল। তাঁর পদ্মশ্রী পুরস্কার খোয়া গিয়েছে।
