কালী পুজো, দিওয়ালিতে বাজি পোড়ানো যাবে কখন, জানিয়ে দিল পুলিশ, নিয়ম না মানলে হতে পারে বড়সড় শাস্তি

কলকাতা- দূষণ রোধই মূল উদ্দেশ্য। কালীপুজো এবং দিওয়ালিতে শব্দবাজি পোড়ানো রোখাই বড় চ্যালেঞ্জ কলকাতা পুলিশের।

ইতিমধ্যে নজরদারি বাড়ানো-সহ একাধিক পদক্ষেপ করা হয়েছে। এবার পরিবেশবান্ধব বাজি পোড়ানোর ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা পুলিশ। নির্দিষ্ট সময়ের পর বাজি পোড়ালেই শাস্তি হতে পারে।

পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার কালীপুজো ও দিওয়ালিতে রাত ৮টা থেকে ১০ টার মধ্যে বাজি পোড়াতে হবে। আগামী ২৮ অক্টোবর ছটপুজোয় সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে।

নির্দিষ্ট সময়সীমার পর বাজি ফাটালে পেতে হবে শাস্তি। সুপ্রিম কোর্ট, কলকাতা হাই কোর্ট এবং রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনে প্রতিটি থানার অফিসার ইন চার্জকে পদক্ষেপ করার নির্দেশও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ফানুস ও নিষিদ্ধ বাজির দাপটে লাগাম টানতে দীপাবলির প্রাক্কালে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে পুলিশের চিরুনি তল্লাশি। লালবাজারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত মহানগরে ২৫৭২ কিলো নিষিদ্ধ শব্দবাজি ও বেআইনি আতসবাজি পুলিশ উদ্ধার করেছে। ২১টি মামলায় মোট চারজন গ্রেপ্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *