কলকাতা- সব ঠিকঠাক থাকলে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের পুরো অংশে পরিষেবা চালু হয়ে যাবে। শুক্রবার কলকাতা মেট্রোর ‘জন্মদিন’ উদযাপনের মধ্যেই মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চিংড়িঘাটার যে দীর্ঘদিন ধরে আটকে ছিল, তা আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করা হবে।
রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে দিনক্ষণ চূড়ান্ত করে ফেলা হয়েছে। আর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ডিসেম্বর থেকেই নিউ গড়িয়া-এয়ারপোর্ট (কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন) অংশে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে যাবে।
কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্র জানিয়েছেন, মেট্রোর আরও সম্প্রসারণের কাজ চলছে। ৫৭ কিলোমিটার পথের অনুমোদন ইতিমধ্যে পাওয়া গিয়েছে। ২০২৬ সালের মধ্যে ২৯ কিলোমিটার কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তার মধ্যে ১৯ কিলোমিটার অংশে বাণিজ্যিক পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা আছে।
শুধু তাই নয়, ২০২৯ সালের মধ্যে মেট্রোর পার্পল লাইনের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেনারেল ম্যানেজার। আপাতত কলকাতা মেট্রোর পার্পল লাইনের জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা চালু আছে। খিদিরপুর থেকে মাটির নীচে কাজও শুরু হয়ে গিয়েছে। মাটির তলায় দুটি টানেল বোরিং মেশিন (টিবিএম) ঢুকে পড়েছে। পুরো অংশের কাজটা ২০২৯ সালের মধ্যে শেষ হয়ে যাবে।
অন্যদিকে ২০২৯ সালের মধ্যেই কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের (নোয়াপাড়া থেকে বারাসত) মাইকেল নগর যুক্ত হয়ে যাবে বলেও মেট্রো কর্তৃপক্ষ আশা দেখিয়েছে। আপাতত কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত পরিষেবা চালু আছে। যখন অরেঞ্জ লাইনের পুরো অংশে পরিষেবা চালু হয়ে যাবে, তখন এয়ারপোর্ট থেকে দু’দিকে যাবে মেট্রোয় করে।
