কলকাতা- দেশের বিভিন্ন জায়গায় যখন বাংলা ভাষা ও বাঙালির বিরুদ্ধে নানা উস্কানিমূলক মন্তব্য ও অপমানজনক আচরণের খবর আসছে, তখন বাংলার সবচেয়ে বড় উৎসবকেই বেছে নেওয়া হল প্রতিবাদের মাধ্যম হিসেবে।
শহরের দুই প্রাচীন দুর্গাপুজো কমিটি পাথুরিয়াঘাটা ৫–এর পল্লি এবং চালতাবাগান সর্বজনীন জানিয়ে দিল, এবার তাদের থিমের ভিত্তিই বাংলা ভাষা।
পাথুরিয়াঘাটা ৫–এর পল্লির উদ্যোক্তারা একেবারে ঘরোয়া অনুষ্ঠানে চপ–মুড়ি এবং চা নিয়ে আড্ডার আবহে ঘোষণা করলেন তাঁদের থিম ‘হরফ’। কী ভাবে গত কয়েকশো বছরে বাংলা হরফের বিবর্তন হয়েছে, কী ভাবে একেবারে শুরুর যুগের চর্যাপদ ক্রমশ বিবর্তিত হয়ে আজকের বাংলা ভাষায় পরিণত হলো — সেটাই দেখানো হবে এখানকার দুর্গাপুজোর মণ্ডপে।
৮১ বছরের চালতাবাগান সর্বজনীনও বাঙালির অসম্মানের প্রতিবাদে ‘আমি বাংলায় বলছি’ থিমের ঘোষণা করেছে। উল্লেখ্য, কয়েক বছর আগে ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে ‘ইনট্যাঞ্জিবল হেরিটেজ’ তকমা দিয়েছে। দুর্গাপুজো সব সময়েই সৌহার্দের বার্তা দেয়। এ বার সেই দুর্গাপুজোই হতে চলেছে বাংলা ভাষা ও সংস্কৃতির সবচেয়ে বড় প্রচারমাধ্যম।
