সরকারি হাসপাতালে চিকিৎসকদের হাজিরা নিয়ে কড়াকড়ি! পুরনো পদ্ধতি বাদ, এবার থেকে ফেস বায়োমেট্রিক চালু

কলকাতা – সরকারি হাসপাতালে চিকিৎসকদের হাজিরা নিয়ে কড়াকড়ি। নতুন নিয়ম জারি করল জাতীয় মেডিক্যাল কমিশন।

পুরনো হাজিরা পদ্ধতি বাদ। এবার ফেস বায়োমেট্রিক হাজিরা চালু করা হয়েছে। ১ অক্টোবর থেকেই নয়া নিয়ম কার্যকর। সারা দেশের সব হাসপাতালে এই মর্মে জানিয়ে দিয়েছে NMC।

দীর্ঘদিন ধরেই সরকারি হাসপাতালে চিকিৎসকদের হাজিরা নিয়ে নানা অভিযোগ উঠছে। নির্ধারিত সময় ও নিয়ম মেনে হাসপাতালে উপস্থিত না থাকা, হাসপাতালে ডিউটির সময়ে অন্যত্র চেম্বারে রোগী দেখা- এরকম বিভিন্ন অভিযোগ উঠছে।

জাতীয় মেডিক্যাল কমিশনের নির্দেশ- এবার থেকে মোবাইলে নির্দিষ্ট অ্যাপের সাহায্যে হাজিরা দিতে হবে। হাসপাতালের ১০০ মিটারের মধ্যে অ্যাপ অন করতে হবে। হাসপাতালে না এসে অ্যাপ অন করে হাজিরা দেওয়া যাবে না। হাসপাতালের ১০০ মিটারের মধ্যেই অ্যাপ কাজ করবে। অ্যাপে চিকিৎসকের আধার কার্ডের তথ্য থাকবে। সংশ্লিষ্ট চিকিৎসকের মুখের সঙ্গে আধার কার্ডে থাকা মুখ মিললে তবেই হাজিরা প্রক্রিয়া সম্পূর্ণ হবে। জাতীয় মেডিক্যাল কমিশনের সিস্টেমে দেওয়া হাসপাতালের লোকেশনের সঙ্গে মিলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *