কলকাতা- বিপর্যয়ের মেঘ কাটল। রোদ উঠল উত্তরবঙ্গে। রবিবার প্রকৃতির রুদ্র রূপ চাক্ষুষ করার পরে আজ উত্তরবঙ্গ অনেকটাই শান্ত।
রবিবার যে তাণ্ডব চলেছে, তার সঙ্গে লড়তে হচ্ছে এখনও। আপাতত যা খবর, তাতে উত্তরবঙ্গের বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ভেঙে গিয়েছে সেতু। নেমেছে ধস। রবিবার যে একাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, তার কয়েকটি খুলে দেওয়া হয়েছে।
রবিবার ভোরের পর থেকে বৃষ্টি হয়নি। এমনকী আজ সকালে একেবারে ঝকঝকে অবস্থায় দেখা গিয়েছে কাঞ্চনজঙ্ঘা। কালিম্পঙের লুংচুংয়ের মতো জায়গায় থাকা পর্যটকরাও জানিয়েছেন যে আজ আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে।
আজ কোন কোন ট্রেন বাতিল? ১৫৪৬৭ শিলিগুড়ি-বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেস, ৭৫৭৪১ শিলিগুড়ি-ধুবরি ইন্টারসিটি এক্সপ্রেস, ৭৫৭২৫ শিলিগুড়ি- নিউ বঙ্গাইগাঁও ডেমু, ৭৫৭১৩ শিলিগুড়ি-বামনহাট ডেমু, ১৫৭৬৭ শিলিগুড়ি- আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্রেস, ১৫৭৭৭ নিউ জলপাইগুড়ি – আলিপুরদুয়ার ট্যুরিস্ট এক্সপ্রেস, ১৫৭০৩ নিউ জলপাইগুড়ি–বঙ্গাইগাঁও) এক্সপ্রেস, ১৫৪৬৪ শিলিগুড়ি–বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস এবং ৫৫৪২২ বালুরঘাট–মালদা টাউন প্যাসেঞ্জার।
আজ উত্তরবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
