কলকাতা: জানালা দিয়ে পড়ছে থরে থরে ৫০০ টাকার বান্ডিল। এমনই দৃশ্য দেখা গেল ওডিশার ভুবনেশ্বরে। এক সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে ভিজিল্যান্স হানা দেয়। তল্লাশি অভিযান হতে পারে, আগে থেকে আঁচ পেয়ে গিয়েছিলেন ইঞ্জিনিয়ার বৈকুণ্ঠনাথ সাড়াঙ্গি। অভিযোগ, ভিজিল্যান্স দপ্তরের আধিকারিকরা ফ্ল্যাটে পৌঁছোতেই ঘরের মধ্যে থরে থরে সাজিয়ে রাখা নোটের বান্ডিল জানালা দিয়ে হাত গলিয়ে নীচে ফেলতে শুরু করেন ওই ইঞ্জিনিয়ার।
এক প্রত্যক্ষদর্শীর দাবি, সকালে হঠাৎ টিনের চালার উপর জোরে জোরে কিছু পড়ার শব্দ পাচ্ছিলেন তিনি। কী পড়ছিল সেটা দেখার জন্য বেরিয়ে আসতেই দেখেন পাশের ফ্ল্যাটের তিনতলা থেকে টাকার বান্ডিল ফেলছেন কেউ। যদিও এসব করেও কোনও বিশেষ সুবিধা হয়নি। কারণ ভিজিল্যান্স আধিকারিকরা ফ্ল্যাটে পৌঁছলে ফ্ল্যাটের একটি ঘর থেকে থরে থরে সাজানো টাকার বান্ডিল উদ্ধার হয়। বিপুল পরিমাণ টাকা দেখে স্তম্ভিত হয়ে যান তদন্তকারী আধিকারিকরাও। টাকা গুনতে নিয়ে আসা হয় যন্ত্র। এছাড়া জানালা দিয়েও নোটের বান্ডিল উদ্ধার করেন তাঁরা। জানা গিয়েছে, ২ কোটিরও বেশি হিসাব বহির্ভূত নগদ উদ্ধার হয়েছে। কোথা থেকে কীভাবে এই টাকা ইঞ্জিনিয়ারের কাছে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
