ব্লু লাইনে অব্যাহত দুর্ভোগ! ভিড় সামলাতে এবার এসপ্ল্যানেডে নয়া সাবওয়ের ভাবনা মেট্রোর!

কলকাতা- ব্লু লাইন এবং গ্রিন লাইনে এসপ্ল্যানেড স্টেশনকে যুক্ত করে একটি সাবওয়ে তৈরি করার পরিকল্পনা করছে মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, সার্বিকভাবে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে।

ইতিমধ্যে এসপ্ল্যানেড স্টেশনে এসে মিশেছে ব্লু লাইন এবং গ্রিন লাইন। ভবিষ্যতে পার্পল লাইনও মিশে যাবে। সেই ভিড় সামাল দিতেই এসপ্ল্যানেড স্টেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা চলছে।

সংশ্লিষ্ট মহলের বক্তব্য, প্রাথমিকভাবে যখন ব্লু লাইনের এসপ্ল্যানেড স্টেশন চালু করা হয়েছিল, তখন সম্ভবত অনুমান করা হয়নি যে এতগুলি লাইন এসে মিশে যাবে এবং এত মানুষের ভিড় সামলাতে হবে। এখন যখন ভিড় বাড়ছে, তখন সেটা সামলানোর নতুন করে ভাবনাচিন্তার প্রয়োজন আছে। আর সেই রেশ ধরেই সাবওয়ে তৈরির মতো বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রের খবর, এসপ্ল্যানেড স্টেশনকে ঢেলে সাজানোর জন্য একটি উপদেষ্টা সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। ওই সংস্থাই খতিয়ে দেখবে যে সাবওয়ে তৈরি করা যাবে কিনা। সাবওয়ে তৈরি হয়ে গেলে আরও দ্রুত ব্লু লাইন থেকে গ্রিন লাইনের স্টেশনে পৌঁছে যেতে পারবেন। এমনিতেই গ্রিন লাইনের (ইস্ট-ওয়েস্ট মেট্রো) পুরো অংশে পরিষেবা চালু হওয়ায় এখন ভিড় এমনিতেই লাফিয়ে বেড়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *