কলকাতা- শনিবার থেকে শুরু হল রাজ্য সরকারের নয়া প্রকল্প ‘আমাদের পাড়া-আমাদের সমাধান।’ প্রতিটি বুথে ক্যাম্প বা শিবির করে সাধারণ মানুষের সমস্যা মেটানোর জন্য এই প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার।
রাস্তা, জল, বিদ্যুৎ-সহ আমজনতার সব সমস্যার কথাই এই শিবিরে জানানো যাবে। রাজ্যের মোট ৮০ হাজার বুথের মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে শিবির থেকে।
২ মাস ধরে প্রায় ২৭ হাজারেরও বেশি ক্যাম্প চলবে গোটা রাজ্যজুড়ে। ১৫ নভেম্বরের মধ্যে ক্যাম্পে জমা পড়া সমস্যা সমাধানের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।
এই প্রকল্পের জন্য প্রতিটি বুথে ১০ লক্ষ করে টাকা বরাদ্দ করা হয়েছে। তিনটি বুথ নিয়ে একটি কেন্দ্র তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে ছোট ছোট সমস্যা শোনা হবে। কোন কোন সমস্যার সমাধান পাওয়া যাবে এই প্রকল্প থেকে, তা কয়েকটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে।
এই ক্যাম্পগুলিতে থাকছে ‘দুয়ারে সরকার’ ডেস্ক। সেখানেও কেউ চাইলে সমস্যা তুলে ধরতে পারেন। কীভাবে সমস্যার কথা জানাবেন সাধারণ মানুষ, তার জন্য একটি নিয়মাবলী ঠিক করা হয়েছে।
সমস্যার কথা নথিভুক্ত করাতে চাইলে ভোটার কার্ড আনতে হবে। সেই সঙ্গে লিখিতভাবে নাম, ঠিকানা, ওয়ার্ড নম্বর, বুথ নম্বর সবটা জানিয়ে মোবাইল নম্বর লিখে রেজিস্ট্রেশন করাতে হবে। আধিকারিকরা সমস্যা দেখে, কী করতে হবে সেটা বুঝিয়ে দেবেন।
