কলকাতা- বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ঢাকার একটি কলেজ ভবনে ভেঙে পড়ে আজ। এই দুর্ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে।
হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন ১৩ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে।
দুর্ঘটনার সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিশুরা উপস্থিত ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা এপি। বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ বিবৃতি অনুযায়ী, বিধ্বস্ত এফ-৭ বিজিআই বিমানটি বিমান বাহিনীর।
২০২২ সালে হাসিনা জমানাতেই চিনের থেকে ৩৬টি এফ-৭ বিজিআই বিমান কিনেছিল বাংলাদেশ। এই বিমানগুলি হল চিনা ছেংদু জে-৭ বিমানের রফতানি সংস্করণ।
সোভিয়েত রাশিয়ার মিগ ২১ যুদ্ধবিমানের মতো সিঙ্গল ইঞ্জিন হালকা এই যুদ্ধবিমানগুলি। সেই চিনে তৈরি যুদ্ধবিমানই আজ প্রশিক্ষণ উড়ানের সময় ভেঙে পড়ল ঢাকার স্কুলে।
রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশি স্থানীয় সময় দুপুর ১টা ৬ মিনিটে এই এফ-৭ যুদ্ধবিমানটি টেকঅফ করেছিল। এর কিছুক্ষণ পরই বিমানটি ভেঙে পড়ে উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে। এরপরই সেই ভবনে আগুন ধরে যায়।
