নয়াদিল্লি- ভারতের অন্যতম হাই-প্রোফাইল স্থান দিল্লির লালকেল্লার কাছে আজ সন্ধ্যায় ঘটে যাওয়া উচ্চ-তীব্রতার বিস্ফোরণে অন্তত ৮ জনের মৃত্যু ঘটেছে।
ঘটনায় ২৪ জন গুরুতর আহত হয়েছেন। সন্ধ্যা ৬টা ৫২ মিনিট নাগাদ এই ভয়াবহ ঘটনাটি ঘটে, যা দেশের রাজধানী এবং তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণটি লালকেল্লা মেট্রো স্টেশনের অদুরে একটি ট্র্যাফিক সিগন্যালের কাছে একটি ধীর গতিতে চলমান গাড়িতে ঘটে। জানা গিয়েছে, গাড়িটির ভেতরে যাত্রী ছিল এবং বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, আশেপাশের একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকা জুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা এই খবর নিশ্চিত করে জানিয়েছেন, “এটি ছিল একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ। আমরা পরিস্থিতি খতিয়ে দেখছি।”
ঘটনার পরেই স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের উৎস ও কারণ জানতে ইতিমধ্যেই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG) ঘটনাস্থলে পৌঁছেছে। উল্লেখ্য, এই বিস্ফোরণের দিনই মাত্র ৫০ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে ২৯০০ কেজি বিস্ফোরকের একটি বিশাল ভান্ডার উদ্ধার হওয়ায় এই ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগের সঙ্গে দেখছে গোয়েন্দা সংস্থাগুলি।
এই বিস্ফোরণের পর জাতীয় নিরাপত্তা সংস্থাগুলির সতর্কতা দ্রুত বাড়ানো হয়েছে। নিরাপত্তার ঝুঁকি বিবেচনা করে মুম্বই, জয়পুর, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ড-সহ দেশের একাধিক রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জনসাধারণকে সতর্ক ও ভিড় এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
