কলকাতা – মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদে কান্দি মহুকুমার অন্তর্গত গঙ্গারামপুর এলাকা। মায়ের সামনে ঘুমন্ত ছেলেকে কামড়াল বিষধর সাপ! চোখের সামনে মৃত্যু হল ছেলের।
জানা গেছে, কয়েকদিন ধরে প্রচন্ড বৃষ্টির কারণে একদিকে যেমন এলাকায় জল কাদার পরিমাণ বেড়েছে, তেমনি বেড়েছে মশার উৎপাত। তাই ঘরের মধ্যে মশারি টাঙ্গিয়ে তারমধ্যে ঢুকে খেলছিল ছোট্ট ছেলেটি।
খেলতে খেলতে ক্লান্ত সে ঘুমিয়ে পড়ে। আচমকা ছেলের চিৎকার শুনে মা ছুটে এসে দেখেন, সাপটি তখনও পা কামড়ে ধরে আছে। কয়েকবার লাঠির আঘাত করেও শেষ রক্ষা হল না। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
অনন্তর বাবা অসিত হাজরা কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ করেন। মা মৌসুমী হাজরা বলেন, ‘বাড়ির আশপাশ বেশ কয়েকদিন ধরে জলে ডুবে ছিল। তখন থেকেই সাপের উৎপাত দেখা দিয়েছে। ভয়ে ছেলেকে নিয়ে মশারি টাঙিয়ে তার ভেতরে বসে থাকতে বলতাম। ছেলের পায়ে সাপ কামড়ে ধরেছে, সেই চিৎকারে শুনে ছুটে এসে সাপটিকে লাঠি দিয়ে তাড়াবার চেষ্টা করেও ছেলেকে বাঁচাতে পারলাম না।’
