কলকাতা- ভারতীয় শেয়ার বাজারে বড়সড় ধস। মুম্বই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি — এই দুই প্রধান সূচকই একটানা নিম্নমুখী। মাত্র ১৫ মিনিটে বাজার থেকে অন্তত ৫ লক্ষ কোটি টাকা উড়ে গিয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে এক প্রবল দুশ্চিন্তার পরিবেশ তৈরি করেছে।
বিশেষজ্ঞদের মতে, এই পতনের পিছনে একাধিক কারণ কাজ করছে — যেনন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি, বিশ্ব অর্থনীতির অস্থিরতা এবং দেশের অভ্যন্তরীণ আর্থিক চাপ। সব মিলিয়ে বাজারে অনিশ্চয়তা বাড়ছে।
আজকের শুরুতে সেনসেক্স ৭৫০ পয়েন্টেরও বেশি এবং নিফটি ২০০ পয়েন্টের বেশি পতনে খোলে। মিডক্যাপ ও স্মলক্যাপ সেগমেন্টেও প্রবল ধস লক্ষ্য করা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ভারতের রপ্তানির উপর ২৫% শুল্ক বসানোর প্রস্তাব করেছেন। রাশিয়া থেকে জ্বালানি ও প্রতিরক্ষা সামগ্রী কেনায় ভারতের উপর সম্ভাব্য নিষেধাজ্ঞাও বিনিয়োগকারীদের দুশ্চিন্তা বাড়িয়েছে।
