কলকাতা – কার কৃতিত্ব? কার ক্রেডিট? কার জন্য শেষপর্যন্ত কলকাতা মেট্রোর তিনটি লাইনের উদ্বোধন করা হচ্ছে? বাম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সেই লড়াইয়ের মধ্যেই জয়ী হল পশ্চিমবঙ্গ।
আরও পরিষ্কার করে বলতে গেলে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং সংলগ্ন এলাকার লাখ-লাখ মানুষ। কারণ আজকের পর থেকে গণপরিবহণ ব্যবস্থায় কার্যত নবজাগরণ হল।
শুক্রবার যশোর রোড থেকে কলকাতা মেট্রোর তিনটি লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা-এসপ্ল্যানেড অংশ (২.৪ কিলোমিটার), ইয়েলো লাইনের নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর (৬.৭৭ কিমি) এবং অরেঞ্জ লাইনের রুবি-বেলেঘাটা অংশ (৪.৩৯ কিমি) অংশ। সেইসঙ্গে হাওড়া মেট্রো স্টেশনের সাবওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। শিলান্যাস করলেন ছয় লেনের এলিভেটেড কোনা এক্সপ্রেসওয়ের।
তবে যাবতীয় লাইমলাইট কেড়ে নিয়েছে তিনটি মেট্রো প্রকল্প। সবমিলিয়ে আজ ১৩.৬২ কিমি মেট্রো লাইনের উদ্বোধন করা হলেও সবথেকে ছোট যে অংশটা, সেই শিয়ালদা-এসপ্ল্যানেডই সবথেকে বড় গেম চেঞ্জার হতে চলেছে। কারণ ওই অংশে পরিষেবা শুরু হয়ে যাওয়ায় দেড় দশকের বেশি প্রতীক্ষার পরে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পুরো অংশ জুড়ে গেল।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো করিডরে পরিষেবা চালু হয়ে যাওয়ায় মাত্র ৩০ মিনিটেই হাওড়া থেকে কলকাতার তথ্যপ্রযুক্তি হাব সল্টলেকে পৌঁছানো যাবে। নাহলে বাস, ট্যাক্সি. অ্যাপ ক্যাব, জ্যামের গুঁতোয় রোজ কার্যত লড়াই করে স্কুল, কলেজ, অফিস যেতে হত। আরও একপ্রস্থ লড়াই করে ফিরতে হত বাড়ি। তাছাড়াও মেট্রো পথে ভারতের দুই অন্যতম ব্যস্ত রেলওয়ে স্টেশন হাওড়া এবং শিয়ালদাও জুড়ে গেল। যে পথটা যেতে ৩০ মিনিটের বেশি লাগত, সেটা মেট্রোয় চেপে ১১ মিনিটে অতিক্রম করা যাবে।
তারইমধ্যে প্রথমবার কলকাতা এয়ারপোর্ট জুড়ে গেল মেট্রো নেটওয়ার্কে। এবার থেকে বিমানবন্দরে নেমে মেট্রোয় করে একদিকে কালীঘাট, টালিগঞ্জ, শহিদ ক্ষুদিরাম; অন্যদিকে শিয়ালদা, হাওড়া, হাওড়া ময়দানে পৌঁছে যাওয়া যাবে। এমনকী কয়েকটি মেট্রো সরাসরি এয়ারপোর্ট থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চালানোরও পরিকল্পনা করা হচ্ছে।
আজ থেকেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো অংশে পরিষেবা চালু হচ্ছে। বাকি দুই লাইনে পরিষেবা শুরু হবে সোমবার থেকে। সকাল ৬ টা ৩০ মিনিট থেকে রাত ১০ টা ১৯ মিনিট পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোয় পরিষেবা মিলবে। নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোয় সকাল ৭ টা ৫৮ মিনিট থেকে রাত ৮ টা ১০ মিনিট পর্যন্ত মেট্রো চলবে। আর নিউ গড়িয়া-বেলেঘাটা লাইনে সকাল ৮ টা থেকে রাত ৮ টা ২৮ মিনিট পর্যন্ত মেট্রো চলবে।
