বর্ধমান – সম্প্রতি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের আমিলা বাজারে উদ্ধার টেলিভিশনের নামকরা অভিনেত্রী! পেশাদার অভিনেত্রী নাকি বর্তমানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন। ঘটনাটি বর্ধমান-আরামবাগ রাজ্য সড়কে ঘটে। খণ্ডঘোষের আমিলা বাজারে সোমবার সকালবেলা এই ঘটলায় যথারীতি চাঞ্চল্য দেখা দিয়েছে।
জানা গিয়েছে, বর্ধমান-আরামবাগ সাত নম্বর রাজ্য সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবতী। জানা গিয়েছে, আচমকা বৃষ্টি শুরু হলে আশ্রয় নেন খণ্ডঘোষ ব্লকের আমিলা বাজারের বিশ্রামাগারে। স্থানীয় যুবকরা প্রথমে অবাক হয়ে যান। নিজেদের মধ্যে প্রশ্ন করেন। কে এই যুবতী? এমন অবস্থায় তাঁরা কথা বলার চেষ্টা করেন। এরপরই বুঝতে পারেন ওই যুবতী মানসিক ভারসাম্যহীন। অসংলগ্ন কথা বলছেন। কথা বলার মধ্যে কোনও সামঞ্জস্য নেই।
স্থানীয় যুবকেরা নাম জিজ্ঞেস করতেই নিজের নাম জানান সৌমি হর চৌধুরী। খানিক হকচকিয়ে বলেন, ‘আমি স্টার জলসার ধারাবাহিকে অভিনয় করেছি।’ আবার কখনও বলেন, ‘আমি বেহালার মেয়ে।’ পরক্ষণেই আবার বলেন, ‘আমি বোলপুর থেকে এখানে এসেছি।’’
কৌতূহলবশত তাঁর দেওয়া নাম এবং সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ঘেঁটে স্থানীয়রা দেখতে পান অভিনেত্রীর একাধিক অভিনয়ের ক্লিপ। তবে বর্তমানে তিনি কোথা থেকে এলেন? কেনই বা এই অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন? সে প্রশ্নের উত্তর মেলেনি এখনও।
বর্ধমান দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক ( এসডিপিও ) অভিষেক মণ্ডল সন্ধ্যায় জানান,’ অভিনেত্রীকে হোমে পাঠানো হয়েছে। কলকাতার বেহালা থানাতেও এই অভিনেত্রীর বিষয়ে খবর পাঠানো হয়েছে। তাঁর পরিবারের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা চলছে’।
