গরু কি সত্যিই হবে ভারতের জাতীয় পশু? সংসদে জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

কলকাতা- গরুকে জাতীয় পশু ঘোষণা করে কোনও আইন প্রণয়নের পরিকল্পনা নেই কেন্দ্রের। সংসদে এমনটাই জানালেন মৎস্য, পশুপালন এবং দুগ্ধজাত দ্রব্যের কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী এস পি সিং বাঘেল।

লোকসভায় সিনিয়র বিজেপি নেতা ও উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের এক প্রশ্নের লিখিত জবাবে মঙ্গলবার এই তথ্য দেন কেন্দ্রীয় মন্ত্রী। এস পি সিং বাঘেল বলেন, ‘না, স্যার । সংবিধানের ২৪৬ (৩) ধারা অনুযায়ী, কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে আইন প্রণয়নের ক্ষমতা বণ্টনের অধীনে, প্রাণী সংরক্ষণ এমন একটি বিষয় যার উপর রাজ্য আইনসভার আইন প্রণয়নের একচেটিয়া ক্ষমতা রয়েছে।’

মন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় সরকার ২০১৪ সালের ডিসেম্বর থেকে রাষ্ট্রীয় গোকুল মিশন বাস্তবায়ন করছে, যাতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে গরুর প্রচার, সুরক্ষা এবং লালন-পালনের জন্য গৃহীত উদ্যোগগুলিকে সমর্থন এবং শক্তিশালী করা যায়।’

রাষ্ট্রীয় গোকুল মিশন বা আর জি এম ২০১৪ সালের ডিসেম্বর মাস থেকে চালু করে কেন্দ্রীয় সরকার। দেশীয় গবাদি পশুর উন্নয়ন ও সংরক্ষণের জন্যই চালু করা হয় রাষ্ট্রীয় গোকুল মিশন। এই প্রকল্পটি দুধের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং দুগ্ধ উৎপাদনকে গ্রামীণ কৃষকদের জন্য আরও বেশি লাভজনক করে তোলার জন্য গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *