কলকাতা- টলিপাড়ার জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী। আগের মতো বর্তমানেও তাঁদের নিয়ে উন্মাদনা কম নয়। একসময় তাঁরা চুটিয়ে প্রেম করতেন, এমনটাই বিশ্বাস করে দর্শকরা। আর তাঁদের বিচ্ছেদের পরই ‘ধূমকেতু’ ফ্লোরে আসে।
সেই সময় নানা জটিলতায় আর ছবি মুক্তি পায় না। তারপর থেকে আর দেব-শুভশ্রী জুটিকেও কোনও ছবিতে একসঙ্গে দেখা যায় না। এমনকী তাঁদের আর কথা বলতেও দেখা যায়নি।
সোমবার ‘ধূমকেতু’র গ্র্যান্ড ট্রেলার লঞ্চ। সেদিন সম্ভবত দেব ও শুভশ্রীকে সেই অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেতে পারে। সেই আশায় বুক বাঁধছেন তাঁদের অনুরাগীরাও।
আর সেই অনুষ্ঠানের দুটি হাতের ব্যান্ডের ছবি দিয়ে দেব ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘রেডি?’ আর তাঁর সেই স্টোরি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে শুভশ্রী উত্তরে লেখেন, ‘রেডি’। এই প্রথমবার শুভশ্রী দেবের উত্তরে এক প্রকার সারা দিলেন বলাই যায়।
২০১৫-এর অক্টোবর মাসে শ্যুটিং শুরু হয়েছিল দেব-শুভশ্রী ‘ধূমকেতু’-র। তারপরই সেই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় আর তখন ছবি মুক্তি পায়নি। মাঝে কেটে গিয়েছে প্রায় ১০টা বছর। চলতি বছরের ১৪ অগস্ট অবশেষে ‘ধূমকেতু’ মুক্তি পেতে চলেছে।
