বাংলাকে ১০০ দিনের প্রকল্পের টাকা দিতে হবে, কাজ বন্ধ থাকবে না, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

কলকাতা- বাংলাকে ১০০ দিনের প্রকল্পের বকেয়া টাকা দিতে হবে কেন্দ্রীয় সরকারকে, সোমবার এমনই জানাল সুপ্রিম কোর্ট।

আর্থিক অনিয়মের অভিযোগে এই প্রকল্পে তিন বছর টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। এদিন শীর্ষ আদালত কেন্দ্রের আবেদন খারিজ করায় ও কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখায় ফের এরাজ্যে শুরু হতে চলেছে একশো দিনের কাজ।

১৮ জুন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, দুর্নীতি রুখতে রাজ্য সরকারকে যে কোনও শর্ত দিতে পারবে কেন্দ্র। তবে একশো দিনের কাজ ফের শুরু করতে হবে। প্রকল্প বন্ধ রাখা যাবে না। ১ অগাস্ট থেকে রাজ্যে প্রকল্পের কাজ শুরু করতে বলেছিল হাইকোর্ট।

হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র। সোমবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়।

সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ কেন্দ্রের আবেদন খারিজ করে দেয়। হাইকোর্টের নির্দেশই বহাল রাখে। পশ্চিমবঙ্গকে ১০০ দিনের কাজের বকেয়া টাকা দিতে হবে মোদি সরকারকে।

এই প্রসঙ্গে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছিল। হাইকোর্ট আগেই এই বিষয়ে রায় দিয়েছিল। তার বিরুদ্ধে শীর্ষ আদালতে গিয়েছিল কেন্দ্র। আজ তাদের আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতিরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *