১৫ টি আগ্নেয়াস্ত্র, হাজার রাউন্ড গুলি! খড়দহের আবাসনে হানা দিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের

কলকাতা – বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার। উত্তর ২৪ পরগণার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের খড়দহে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হয়েছে নগদ টাকাও।

ব্যারাকপুর কমিশনারের পুলিশ সোমবার এগুলি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ১৫টির কাছাকাছি আগ্নেয়াস্ত্র এবং বিপুল সংখ্যক গুলি। উদ্ধার হওয়া এই গুলির সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি বলে জানা গিয়েছে।

খড়দহের রিজেন্ট পার্ক এলাকায় যে আবাসন থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে সেটি একটি বহুতল আবাসন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আচমকাই আবাসনে হানা দেয় স্থানীয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিরাট সংখ্যক পুলিশ। হঠাৎ করে এত পুলিশ দেখে আবাসনের বাসিন্দারা ছাড়াও অবাক হয়ে যান। এই ঘটনায় একজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানা যায়।

যদিও একটি সূত্র অনুযায়ী জানা গিয়েছে, মুঙ্গেরের এক অস্ত্র ব্যবসায়ীকে জেরা করে এই অস্ত্রের সম্পর্কে জানতে পারে পুলিশ। তবে যে ফ্ল্যাট থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে সেই ফ্ল্যাটের মালিকের নাম অসমর্থিত সূত্রে মধূসুদন মুখোপাধ্যায় বলে জানা গেলেও সরকারিভাবে এখনও এবিষয়ে কেউ কিছু জানাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *