কলকাতা- হুগলির চুঁচুড়ায় ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই অগ্নিবীর জওয়ান। ঘটনাটি ঘটেছে চুঁচুড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তামলীপাড়া ঘাট সংলগ্ন এলাকায়।
মৃতদের একজনের নাম অনুরাগ কুমার সিং (২২)। তিনি ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর পদে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, অনুরাগের সঙ্গে আরও এক অগ্নিবীর জওয়ানও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও কয়েকজন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় ময়ূরপঙ্খী ঘাট দিক থেকে তিনটি বাইক দ্রুতগতিতে ব্যান্ডেলের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকগুলির গতি এতটাই বেশি ছিল যে একসময় দু’টি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি স্কুটারে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় রাস্তায় ছিটকে পড়ে বাইক আরোহীরা। স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানেই কর্তব্যরত চিকিৎসক অনুরাগ কুমার সিং-সহ দুই অগ্নিবীরকেই মৃত ঘোষণা করেন। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, মৃত অনুরাগ কুমার সিং ছিলেন বিহারের বাসিন্দা। তিন বছর আগে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন তিনি। জম্মু ও কাশ্মীরে তাঁর পোস্টিং ছিল। সম্প্রতি পুজোর ছুটিতে তিনি বাড়ি ফিরেছিলেন পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটানোর জন্য। কিন্তু সেই আনন্দের মধ্যেই নেমে এল শোকের ছায়া।
