কলকাতা- ‘দাগি অযোগ্যরা’ নতুন করে পরীক্ষায় বসতে পারবেন না বলে সাফ জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এই নির্দেশকে অমান্য করে পুনরায় পরীক্ষায় বসেন ‘দাগি’-রা।
শুক্রবারবিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন জানায়, নতুন করে পরীক্ষা নেওয়ার আগে ও পরে মোট ২৬৯ ‘দাগি’ অযোগ্যকে শনাক্ত করা হয়েছে। তবে ২৬৯ জনের মধ্যে সবাই পাশ করেছেন কি না, তা স্পষ্ট নয়। এর মধ্যে হাতে গোনা কয়েকজন পাশ করেছেন বলে সূত্রের খবর। শেষ মুহূর্তে তাঁদের শনাক্ত করে বাদ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই ২০২৫ এসএসসি পরীক্ষার নবম-দশম এবং একাদশ-দ্বাদশের ফলাফল প্রকাশিত হয়েছে। যারা পাশ করেছেন, তাঁদের নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। এই তালিকায় রয়েছেন বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীরাও। সব অযোগ্যকেই বাদ দিচ্ছে কমিশন।
পাশাপাশি কমিশনের তরফে বলা হয়েছে, যদি কারও নজরে পড়ে তালিকায় অযোগ্যদের নাম রয়েছে, তাহলে কমিশনকে জানানো যাবে। সেই অভিযোগ মতো সমস্ত তথ্য খতিয়ে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে তাঁকে তালিকা থেকে বাদ দেওয়া হবে।
চলতি বছরের নিয়োগ প্যানেলের লিখিত পরীক্ষার ওএমআর শিট আপলোডেরও নির্দেশ দিয়েছে আদালত। আদালতের কাছে এই তালিকা পেশের জন্য একটি ডেডলাইনও বেঁধে দিয়েছেন বিচারপতি। হাইকোর্ট সূত্রে খবর, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এই মেয়াদ উত্তীর্ণ প্যানেলের নিযুক্ত প্রার্থীদের তালিকা আদালতে পেশ করতে হবে কমিশনকে। ফলে একাধিক জটে আটকে রয়েছে এসএসসি।
