কলকাতা- শীঘ্রই চলতি বছর মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। সূত্রের খবর, আগামী ৩০ এপ্রিল সম্ভবত প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। পরীক্ষা শেষের ৬৮ দিনের মাথায় এই ফল প্রকাশ হতে চলেছে। তবে ওইদিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে। সুতরাং এমন একটি দিনে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে কিনা তা নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে।
চলতি বছর ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। রাজ্যজুড়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি। ২০২৪ সালে মাধ্য়মিকের ফল প্রকাশ হয়েছিল পরীক্ষা শেষের ৮১ দিনের মাথায়, ২০২৩ সালে ৭৬ দিনের মাথায় প্রকাশিত হয়েছিল ফল। এবার যদি ৩০ এপ্রিল ফল প্রকাশ হয়, তাহলে বিগত দু’বছরের থেকেও কম সময়েই ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ।
সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষকদের চাকরি যেতেই রাজ্যজুড়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, যথা সময়ে ফলাফল প্রকাশিত হবে।
