‘তৃণমূল হারায় ভালই হয়েছে’, কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্ট, তৃণমূলের অন্দরমহল নিয়ে বিস্ফোরক দাবি

কলকাতা- রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে একের পর এক নেতার দলবদলের মধ্যে নতুন করে জল্পনা তৈরি করল তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘তৃণমূল ভোটে হারায় ভালোই হয়েছে।’ পোস্টের বাকি অংশেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন কুণাল। তাঁর দাবি, দলের পরাজয় সাময়িক হলেও এর ফলে দলের ভিতরে থাকা সুবিধাবাদী, দুর্নীতিগ্রস্ত এবং ‘বিশ্বাসঘাতক’দের চেনা সম্ভব হয়েছে।

কুণাল ঘোষ বরাবরই দাবি করে এসেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুগত থাকবেন, কিন্তু দলের ভেতরে কোনও ভুল বা অনিয়ম দেখলে তার প্রতিবাদও করবেন।

সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে কুণাল লিখেছেন, ৪ মে তৃণমূল সরকারের পরাজয়ের পর স্বাভাবিকভাবেই তাঁর খারাপ লেগেছিল। এমনকি বেলেঘাটা থেকে নিজের জয়ের আনন্দও সেভাবে উপভোগ করতে পারেননি। তবে সময়ের সঙ্গে তাঁর উপলব্ধি বদলেছে। তাঁর মতে, যদি তৃণমূল ক্ষমতায় ফিরত, তাহলে আজ যাঁরা দল ছেড়ে গিয়েছেন বা অবস্থান বদলেছেন, তাঁরাই আবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে ভিড় জমাতেন এবং প্রকৃত কর্মীরা আরও উপেক্ষিত হতেন।

পোস্টে তিনি অভিযোগ করেন, দলের ভিতরে কিছু সুবিধাবাদী, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি এবং অপরাধমূলক মানসিকতার মানুষ সুযোগ নিয়ে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করছিল। পাশাপাশি কিছু অরাজনৈতিক সেলিব্রিটি, মুখোশধারী বুদ্ধিজীবী, আমলা ও প্রভাবশালী ব্যক্তিদেরও তিনি পরোক্ষে কটাক্ষ করেন। তাঁর দাবি, এঁরা দলের প্রকৃত আদর্শ নয়, বরং ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য দলকে ব্যবহার করছিলেন।

কুণাল লেখেন, ‘ভোটের ফল হয়তো দলের ক্ষমতা কেড়ে নিয়েছে! কিন্তু আবর্জনা সাফ করে প্রকৃত মানুষকে চিনতে সাহায্য করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *