ভারত-পাক সম্পর্ক নিয়ে বড়সড় দাবি সৌরভের, বলে দিলেন, ‘প্রতি বছর একই ঘটনা সহ্য করা যায় না’

কলকাতা- পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে কঠোর অবস্থানের কথাই বলেছেন। তিনি দাবি করেছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সব সম্পর্ক ছিন্ন করা উচিত। পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার দাবিকে ন্যায্যতা দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ভাবে ব্যবস্থা নিতে হবে। বাংলার মহারাজ পরিষ্কার বলে দেন, ‘পাকিস্তানের সঙ্গে ১০০ শতাংশ সম্পর্ক ছিন্ন করা উচিত। কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এটা কোনও রসিকতা নয়।’

সৌরভ গঙ্গোপাধ্যায় এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে পরিষ্কার বলে দিয়েছেন, ‘পহেলগাঁও-এর ঘটনা কোনও রসিকতা নয়। ১০০ শতাংশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত। কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। প্রতি বছর এমন ঘটনা ঘটবে, এটা কোনও মজার বিষয় নয়। সন্ত্রাসবাদ সহ্য করা হবে না।’ প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এ পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। স্থানীয় কয়েকটি সূত্রের মতে, নিহতের সংখ্যা অন্তত ২৮। আর এই ঘটনায় গোটা বিশ্ব জুড়েই আলোড়ন পড়ে গিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করছে সব দেশই। এই সন্ত্রাসবাদী হামলাটি করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ), যারা পাকিস্তানের লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত একটি প্রক্সি গ্রুপ। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর এটিই সবচেয়ে বড় হামলা।

পহেলগাঁও-এ এই সন্ত্রাসবাদী হামলার পর, বিসিসিআইও এই বিষয়ে কঠোর মনোভাব দেখিয়েছে। বিসিসিআই এই জঘন্য ও কাপুরুষোচিত আক্রমণের তীব্র নিন্দা করেছে। আইপিএল চলাকালীন এই হামলায় নিহতদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়েছিল। হায়দরাবাদ-মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং খেলোয়াড়রা কালো ব্যান্ড পরেন। এই ম্যাচে কোনও চিয়ারলিডার ছিল না। এমন কী কোনও গান বা আতশবাজি ব্যবহার করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *